শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৭

শেয়ার

রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে। বিশেষ করে রাজধানীর বাজারে কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাছ, মাংস ও ডিমের বাজারও এখনো চড়া।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে বেশি দামে সবজি কিনতে হচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

যে দামে বিক্রি হচ্ছে সবজি

বাজারে জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

লম্বা লাউ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা বেড়ে কেজি ৫০ থেকে ৫৫ টাকা হয়েছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম দামে পাওয়া সবজিগুলো এখন বাড়তি দামে কিনতে হচ্ছে।

চড়া মাছ, ডিম ও মুরগির বাজার

এদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও চড়া। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং জাতভেদে সোনালি মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।