সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের কথা জানানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর থেকে মূল আমানত উত্তোলন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে এ আবেদন জমা দিতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে আবেদনকারীরা তাদের জমা টাকার মূল অংশ উত্তোলন করতে পারবেন।
সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এ বিষয়ে জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, শাখা পর্যায়ে জমা হওয়া আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের সংস্থান করে প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট শাখায় টাকা পাঠানো হবে। সেখান থেকেই আমানতকারীদের অর্থ বুঝিয়ে দেওয়া হবে।
ব্যক্তি আমানতকারীদের জন্য প্রাথমিকভাবে সুযোগ
আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবেন। অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।
অর্থ উত্তোলনের আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমা টাকার পরিমাণ, প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহ সময় পেছানো হয়েছে বলে ব্যাংকটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়।
আরও পড়ুন:







