মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বিশ্ববাজারে একদিনে দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৮

শেয়ার

বিশ্ববাজারে একদিনে দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদিনেই দুই দফা বেড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর পর তেহরানের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।

সরবরাহ পরিস্থিতির দিকেই বাজারের নজর

তেলের দাম বাড়লেও এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন বাজারের বড় প্রশ্ন। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে তেলের দাম আবার কমতে পারে। তবে হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে দাম আরও শক্ত অবস্থান নিতে পারে।

সোমবার দিনের শেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম আরও বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৪৯ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়।