মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১২:৩৯

শেয়ার

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইসঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না—বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর (২০২৫) ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেয়া হচ্ছে।

এর ফলে আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মুনাফায় থাকছে না কোনো কর্তন এমনটা জানি কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ বিভ্রান্তি দূর করতে কোনো আমানতকারীর মুনাফা যে কাটা হবে না, তা অবিলম্বে সব গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেয়ার নির্দেশনা দেন গভর্নর।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দেয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।