মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৬:৫৭

শেয়ার

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দেন।

ইমরান খানের আইনজীবী উজাইর ভান্ডারি জানান, তিন সদস্যের বেঞ্চ তার চিকিৎসার তদারকিতে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন। ওই বোর্ডে ইমরানের বোন ডা. উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানকে রাখার কথা বলা হয়েছে।

তিনি আরও জানান, আদালত একই সঙ্গে হাসপাতালে ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার এবং বিদেশে থাকা ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জানান, পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর। আদালতের আদেশ অনুযায়ী, অন্তত ওই সময় পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকবেন। ২০২৩ সালের আগস্টে কারাবন্দি হওয়ার পর এটাই হবে কারাগারের বাইরে তার সবচেয়ে দীর্ঘ অবস্থান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইমরানের দল ও পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও হাসপাতালে নেয়ার দাবি জানিয়ে আসছিল। এর আগে ইমরান খানকে হাসপাতালে নেয়ার আবেদন দুই বার নাকচ হয়েছিল। তবে এবার সুপ্রিম কোর্ট তার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।



banner close
banner close