শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ০৯:৪৩

শেয়ার

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি চালুর বিষয়ে কূটনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সপ্তাহের প্রথম কার্যদিবসেই এশিয়ার বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে লেনদেন হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

এর আগে ওমান ও ইরানের কূটনৈতিক আলোচনার সূত্রে হরমুজ প্রণালি খুলে দেওয়ার গুঞ্জন উঠলে গত সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৭ শতাংশের বেশি কমে যায়। তবে সেই অবস্থান থেকে সরে এসে ইরান জানিয়েছে, মধ্যস্থতার অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।

ইরানের এই বক্তব্যের পর বাজারে নতুন করে সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের মোট খনিজ তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।