রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

হঠাৎ করদাতাদের বিশেষ সতর্কবার্তা দিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৭:৪৪

শেয়ার

হঠাৎ করদাতাদের বিশেষ সতর্কবার্তা দিল এনবিআর
ছবি সংগৃহীত

কর নথি (ফাইল) অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র কর নথি অডিটের কথা বলে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

এতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। এছাড়া, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।



banner close
banner close