শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াচ্ছে মালেক স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:০৭

আপডেট: ২৫ জুন, ২০২৬ ১৩:০৮

শেয়ার

উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াচ্ছে মালেক স্পিনিং
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস (এমএসএম) তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান নিউএশিয়া সিনথেটিক্স লিমিটেডের (এনএসএল) পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ জুন অনুষ্ঠিত মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের সভায় এনএসএলের মূলধন পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এনএসএলের পরিশোধিত মূলধন বিদ্যমান ৬৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকায় উন্নীত করা হবে।

উৎত্থাপিত অর্থ অতিরিক্ত কৌশলগত জমি ক্রয়, সহায়ক বিনিয়োগ, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ও দায় পরিশোধে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে এনএসএলের পরিচালনা পর্ষদ ২৩ কোটি ৮৩ লাখ ৩ হাজার ২০০ টাকার সমপরিমাণ অতিরিক্ত শেয়ার আনুপাতিক হারে এমএসএমকে বরাদ্দ দেয়ার প্রস্তাব দেয়, যা এমএসএমের পর্ষদ অনুমোদন করেছে।

এই বিনিয়োগের ফলে এনএসএলে মালেক স্পিনিংয়ের শেয়ারহোল্ডিং অপরিবর্তিত থেকে ৯৯.২৯৩ শতাংশই থাকবে। প্রস্তাবিত অতিরিক্ত শেয়ারে বিনিয়োগের অর্থ এমএসএম তাদের নিজস্ব অভ্যন্তরীণ তহবিল থেকে জোগান দেবে।

কোম্পানির মতে, এই মূলধন পুনর্গঠন, ঋণ পরিশোধ এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জমি ও সহায়ক বিনিয়োগ বাস্তবায়নের মাধ্যমে এনএসএলের আর্থিক শৃঙ্খলা ও অর্থনৈতিক কার্যক্রম আরও সুসংহত হবে।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাস সংযোগ না পাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে সরবরাহ নিশ্চিত না হওয়ায় ২০১০ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এমএসএমের বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমোদনক্রমে এনএসএল প্রকল্পের বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছিল। তবে প্রকল্প এলাকার ভৌগোলিক সংযুক্ততা, অবস্থানগত গুরুত্ব ও নিরাপত্তাজনিত কারণে পূর্বে চুক্তিবদ্ধ কিছু কৌশলগত জমি ক্রয় অব্যাহত রাখা হয়েছে, যা ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন তৈরি করছে।



banner close
banner close