রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

মে মাসে ৭ শতাংশ কমেছে দেশের রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৯:৫২

শেয়ার

মে মাসে ৭ শতাংশ কমেছে দেশের রপ্তানি আয়
ছবি সংগৃহীত

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে বড় পতনের প্রভাবে মে মাসে সামগ্রিক রপ্তানি আয় ৭ শতাংশের বেশি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার আয় হয়েছে। গত বছরের একই মাসে এই আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। আলোচ্য মাসে শুধু তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমেছে প্রায় ৮ শতাংশ। মে মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসের চিত্র পর্যালোচনায় দেখা যায়, দেশের মোট রপ্তানি আয় ২ দশমিক ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ে মোট ৪৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

একইভাবে অর্থবছরের প্রথম ১১ মাসে তৈরি পোশাক খাতের আয়ও কমেছে। জুলাই থেকে মে পর্যন্ত এই খাতে আয় হয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম। গত অর্থবছরের এই ১১ মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, টানা আট মাস নেতিবাচক প্রবৃদ্ধির পর গত এপ্রিল মাসে রপ্তানি আয়ে কিছুটা ইতিবাচক ধারা লক্ষ করা গিয়েছিল। তবে মে মাসের নতুন এই পতন রপ্তানি খাতের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় পুনরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে রপ্তানি আয়ের সামগ্রিক নিম্নমুখী প্রবণতা নিশ্চিত করা হয়েছে।