মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৮:১১

শেয়ার

এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর
ছবি সংগৃহীত

সন্ধ্যা ৬টা থেকে দেশের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে।

বিইআরসি আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জুন মাসের জন্য এই নতুন দর ঘোষণা করে। এর আগে মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এপ্রিল মাসে দুই দফায় দাম সমন্বয় করা হয়; ২ এপ্রিল ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৭২৮ টাকা, এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো মূল্য বা সিপি নামে পরিচিত। বিইআরসি এই সিপিকে ভিত্তিমূল্য ধরে এবং আমদানিকারক কোম্পানির চালান মূল্যের গড় ও পুরো মাসের ডলার দর হিসাব করে দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে।



banner close
banner close