বিদ্যুতের পাইকারি দাম ২১ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ প্রস্তাবের ওপর বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণশুনানি শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুনানিতে পিডিবি নতুন দর আগামী ১ জুন থেকে কার্যকরের প্রস্তাব উপস্থাপন করে।
পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য ৭ টাকা ৪ পয়সা। তবে গত অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় হয়েছে ১৩ টাকা ১৯ পয়সা। উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের এই ব্যবধানের কারণে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে বলে শুনানিতে জানানো হয়।
পিডিবি আরও জানায়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে ঘাটতির পরিমাণ ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
প্রস্তাবে বলা হয়, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা বাড়ানো হলে ঘাটতি প্রায় ১৩ হাজার ২৯৮ কোটি টাকা কমতে পারে। আর প্রতি ইউনিটে ১ টাকা ৫০ পয়সা বাড়ানো হলে ঘাটতি সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি কমানো সম্ভব হবে।
গণশুনানিতে ভোক্তা অধিকার সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজন উপস্থিত রয়েছেন। তারা প্রস্তাবিত মূল্যবৃদ্ধির যৌক্তিকতা, ভোক্তাপর্যায়ে সম্ভাব্য প্রভাব এবং বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর বৃদ্ধি করা হয়েছিল।
আরও পড়ুন:








