চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে দেশটিকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দেশের পাট শিল্পের উন্নয়নে চীনের প্রযুক্তিগত সহায়তাও কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উৎপাদনে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। তিনি গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে সেমিনার ও প্যানেল আলোচনা, যেখানে দুই দেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৬ মে পর্যন্ত এ আয়োজন চলবে।
আরও পড়ুন:








