রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৬:০৮

শেয়ার

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
ছবি সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদিত হয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে সংশোধনের সুপারিশ রয়েছে।

তিনি বলেন, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে এমন কিছু প্রকল্প চিহ্নিত হয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর নেই বা নতুন করে বিবেচনা করা দরকার।

জোনায়েদ সাকি আরও জানান, প্রকল্প গ্রহণে সরকারের পক্ষ থেকে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। ব্যয়ের যৌক্তিকতা যাচাই, খাতভিত্তিক ব্যয়ের প্রয়োজনীয়তা নিরূপণ এবং প্রকল্পগুলো দেশের জনগণের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর হবে—এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close