আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি আইএমএফ। ১৬ এপ্রিল বাংলাদেশের সঙ্গে আইএমএফের কোনো বৈঠক হয়নি; বরং বৈঠকটি অনুষ্ঠিত হয় তার আগের শুক্রবার। ওই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং বিকেলে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি, নির্বাচনী প্রতিশ্রুতি, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই দুই পক্ষ একমত পোষণ করেছে বলে জানানো হয়।
তবে কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে উভয় পক্ষ মত দেয়। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরা হয়। কিছু ক্ষেত্রে মতভিন্নতা থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষ আশা করছে। আইএমএফ বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে বর্তমান সরকারের মেয়াদে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন:








