অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের কারখানায় শেষবারের মতো পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা পাঁচ হাজার টন তেল এবং অপরিশোধিত তেলের চারটি ট্যাংকের তলানির ডেড স্টক তুলেও গতকাল পর্যন্ত উৎপাদন চালানো হয়েছে। সাধারণত দৈনিক চার হাজার পাঁচশ টন ক্রুড তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। গত মাস থেকে সংকটের কারণে তা কমিয়ে তিন হাজার পাঁচশ টন করা হয়েছিল। চলতি বছরের চার মার্চের পর ব্যবহারযোগ্য মজুত দুই হাজার টনের নিচে নেমে আসে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুসারে, দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন হয়।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেলের আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী চালান দেশে আসার কথা রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষকে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:








