ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে পরিচালনা পর্ষদকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে তাকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
অন্য এক কর্মকর্তা বলেন, এমডি মো. ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে ১৩ এপ্রিল থেকেই তাকে ৩০ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন তার নেতৃত্বে ব্যাংকটির ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হচ্ছিল। গ্রাহকের আস্থা, রেমিট্যান্স ও আমানত—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা কমে যাওয়ার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধারে তিনি ভূমিকা রাখছিলেন।
সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








