আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংক থেকে এই অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত ঋণের মধ্যে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় ১৩০ কোটি ডলার এবং এডিবি থেকে ৭০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে। সরকার জুনের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায়।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দাতা সংস্থাগুলোর কাছ থেকে তুলনামূলক কম সুদের হার নিয়ে আলোচনা চলছে। এডিবির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, ফলে সেই ঋণ পাওয়া যাবে। আইএমএফ থেকেও ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বহুপক্ষীয় সংস্থাগুলোর কাছ থেকে এই ঋণ পাওয়া গেলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা কমাবে। তবে সরকারিভাবে এই ঋণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:








