বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে জেট ফুয়েলের দাম ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।
কমিশন সূত্রে জানা গেছে, নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী অভ্যন্তরীণ বাজারে জেট ফুয়েল এখন লিটারপ্রতি ১৯৪ টাকায় বিক্রি হবে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়। অর্থাৎ এক ধাপে দাম বেড়েছে ৮২ টাকা। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি মূল্য ৭ হাজার ৩৮৪ সেন্ট থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জ্বালানি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিশ্ববাজারে অস্থিরতার কারণে জেট ফুয়েলের দাম সমন্বয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানিসচিবের অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত সময় থেকেই নতুন দর কার্যকর হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়েছিল। সে সময় দাম দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সায়। এরই মধ্যে দ্বিতীয় দফায় দাম বাড়ায় জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন বিমান পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে, অল্প সময়ের মধ্যে জ্বালানি ব্যাপকভাবে ব্যয়বহুল হওয়ায় ভাড়া সমন্বয় ছাড়া উপায় থাকবে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, জ্বালানি খরচ বিমানভাড়ার একটি বড় অংশ। এই খাতে বড় অঙ্কের বাড়তি ব্যয় সামাল দিতে বিমান সংস্থাগুলোকে ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তুতি নিতে হচ্ছে। আশকারা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন:








