মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১২:২৮

শেয়ার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সর্বোচ্চ
প্রতীকী ছবি

ব্যাংক খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ব্যবসা-বাণিজ্য খাতে। ব্যাংকগুলো এ খাতে যে ঋণ দিয়েছে, তার ৪২.৫০ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। শিল্প খাতের খেলাপি ঋণের হার ৩০.৮০ শতাংশ এবং পুরো ব্যাংক খাতের গড় হার ৩১.২০ শতাংশ। তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বরভিত্তিক ব্যাংকিং সেক্টর আপডেট প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে মূল কারণ অর্থনৈতিক চাপ, বাজারে চাহিদা কমে যাওয়া, কাঁচামাল ও পরিচালন ব্যয় বৃদ্ধি, ডলার সংকট এবং এলসি জটিলতা। ঋণের সুদের হার বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সীমিত মূলধনের কারণে ঋণের বোঝা বেড়ে গেছে।

ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। খাতভিত্তিক হিসাব অনুযায়ী, কৃষি, মৎস্য ও বন খাতের খেলাপি ঋণের হার ২৮.২০ শতাংশ, নির্মাণ খাত ২৬.৭০ শতাংশ, পরিবহন খাত ২৩.২০ শতাংশ এবং ভোক্তা খাত ৩ শতাংশ। অন্যান্য প্রাতিষ্ঠানিক খাতের খেলাপি ঋণ ৯.৭০ শতাংশ এবং বিবিধ খাতে ৯.২০ শতাংশ।

বড় ঋণের ক্ষেত্রে, ১০ কোটি থেকে ২০ কোটি টাকার ঋণের খেলাপি হার ৪৩.৬০ শতাংশ, ২০ কোটি থেকে ৩০ কোটি টাকার ঋণে ৩৫.৪০ শতাংশ, ৩০ কোটি থেকে ৪০ কোটি টাকার ঋণে ৩৮.৭ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি ঋণে ৪১ শতাংশ। ছোট ঋণের মধ্যে ১ কোটি টাকার নিচের ঋণের খেলাপি হার ১৩.৯ শতাংশ এবং ১ কোটি থেকে ১০ কোটি টাকার ঋণে ২৪.৪ শতাংশ।

গত সেপ্টেম্বরের তুলনায় ঋণের খেলাপি হার কিছুটা কমেছে, যা নীতি সহায়তার মাধ্যমে পুনঃতফসিলের কারণে হয়েছে।



banner close
banner close