বুধবার

১০ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত নয়নী হত্যার অন্যতম আসামি নোমান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ২২:০২

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত নয়নী হত্যার অন্যতম আসামি নোমান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকায় ১৫ বছর বয়সী গৃহকর্মী নয়নী খাতুনের রহস্যজনক মৃত্যু মামলায় এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ নোমান আলী -কে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নয়নী খাতুন দীর্ঘদিন ধরে মোহনবাগ এলাকার আলহাজ রইসউদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় গত ১ জুন ২০২৬ তারিখে তার মৃত্যু ঘটে, যা শুরুতে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করার চেষ্টা করা হলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, আসামি নোমান আলী রইসউদ্দিনের নাতি এবং তার বড় মেয়ে মুনমুনের একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, রইসউদ্দিনের আরেক মেয়ে জ্যোতির বাড়িতে গৃহকর্মী হিসেবে নয়নী অবস্থান করত। সেই সুবাদে নোমানের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সুযোগে অসহায় ও এতিম কিশোরী নয়নীকে নোমান আলী শারীরিক সম্পর্কে বাধ্য করে। পরবর্তীতে সে গর্ভবতী হয়ে পড়ে বলে দাবি করা হয়। গর্ভধারণের বিষয়টি সামনে এলে এবং গর্ভপাত করতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যরা মিলে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত সোমবার রাতে নিহতের দাদি মোসাঃ আকলিমা শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই প্লাবন কুমার জানান, মঙ্গলবার সকালে মোঃ নোমান আলীকে তার নানার বাড়ি মোহনবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।



banner close
banner close